আলোকিত সুফি সাধক সৈয়দ আবুল ওলা (রহ.)
- আপডেট সময় : ০৪:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১১১১০ বার পড়া হয়েছে
বাংলার সুফি ঐতিহ্যের ইতিহাসে কিছু মহিমান্বিত নাম রয়েছে, যাঁরা প্রচারের কোলাহলের মধ্যে নয়, নীরব সাধনার দীপ্তিতে মানুষের অন্তরে স্থায়ী প্রভাব ফেলেছেন। হযরত শাহ সুফি সৈয়দ আবুল ওলা (রহ.) ছিলেন সেই আলোকিত ব্যক্তিত্বের মধ্যে একজন। যিনি ‘সৈয়দ সাহেব’ ও ‘পীর সাহেব’ নামে পরিচিত।
আল্লাহর প্রতি অটল ঈমান, রাসুল (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং আত্মশুদ্ধির অনবরত সাধনা ছিল তাঁর জীবনদর্শনের মূল ভিত্তি। তাঁর জীবন ছিল আত্মনিবেদন, সংযম ও অন্তরশুদ্ধির এক শান্ত অথচ দৃঢ় সাধনা। যদিও তিনি প্রচারবিমুখ ছিলেন, তবুও তাঁর প্রভাব ছিল গভীর ও বিস্তৃত। মানুষের বাহ্যিক পরিচয়ের চেয়ে অন্তরের অবস্থাকেই তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন জীবনের প্রকৃত সফলতা নিহিত রয়েছে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং আত্মার পরিশুদ্ধিতে।
প্রচারবিমুখ স্বভাবের অধিকারী হলেও তাঁর প্রভাব ছিল সুদূরপ্রসারী। দেশের বিভিন্ন স্থানের মানুষ তাঁর সান্নিধ্যে এসে আত্মিক প্রশান্তি ও দিকনির্দেশনা লাভ করতেন। তিনি মানুষকে শুধু বাহ্যিক আমল পালনের প্রতি নয়, বরং আত্মসমালোচনা, চরিত্র গঠন এবং ক্বালবের পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহমুখী জীবন গড়ে তোলার আহ্বান জানাতেন। তাঁর শিক্ষার মূল লক্ষ্য ছিল মানুষের অন্তরকে কলুষমুক্ত করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া ও নৈতিকতার চর্চা প্রতিষ্ঠা করা।
পারিবারিক পরিবেশেই তিনি জাহেরি তথা শরিয়তভিত্তিক জ্ঞান এবং বাতেনি তথা আধ্যাত্মিক জ্ঞানের সমন্বিত শিক্ষা লাভ করেন। ফলে তাঁর চিন্তা, কর্ম ও উপদেশে শরিয়ত ও তাসাউফের এক অপূর্ব সুষমা প্রতিফলিত হয়েছে। তিনি মনে করতেন, বাহ্যিক ইবাদতের প্রকৃত সৌন্দর্য তখনই পরিপূর্ণতা লাভ করে, যখন তা অন্তরের সচেতনতা ও আল্লাহস্মরণের সঙ্গে যুক্ত হয়। তাঁর সংক্ষিপ্ত অথচ গভীর তাৎপর্যপূর্ণ বাণীগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য “আমার চাষ আসমানে।” এই একটি বাক্যের মধ্যেই নিহিত রয়েছে তাঁর আখিরাতমুখী জীবনদর্শনের সারকথা। তিনি মানুষকে স্মরণ করিয়ে দিতেন যে, দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ ও প্রাপ্তির পেছনে ছুটে চিরস্থায়ী জীবনের প্রস্তুতিকে বিস্মৃত হওয়া উচিত নয়। তাঁর এই শিক্ষা সাধারণ মানুষের হৃদয়ে সহজেই সাড়া জাগাত এবং আধ্যাত্মিক উন্নতির প্রতি অনুপ্রাণিত করত।
বংশপরিচয়ের দিক থেকে তিনি ছিলের আহলে বাইতের বংশধর পীরানে পীর দস্তগীর গাউছুল আজম হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (রহ.)-এর বংশের। তাঁর পূর্বপুরুষরা বাগদাদ শরীফ থেকে এ অঞ্চলে আগমন করে ধর্মপ্রচার ও তাসাউফের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেন।
এই ধারার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন কুতুবে আকতাব আবদাল হযরত মাওলানা সৈয়দ নুর উদ্দিন (রহ.), তাঁর পুত্র পীরে কামেল সৈয়দ রিয়াজ উদ্দিন (রহ.), উনার সন্তান মাওলানা সৈয়দ ইমাম উদ্দিন (রহ.) এবং তাঁর সন্তান সৈয়দ সিদ্দিক আহমদ (রহ.)। এই ধারাবাহিকতার মধ্যেই সৈয়দ আবুল ওলা (রহ.) আত্মপ্রকাশ করেন এবং নিজের জ্ঞান, সাধনা ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে অসংখ্য মানুষের অন্তরে গভীর প্রভাব বিস্তার করেন। বর্তমানে তাঁর পুত্র সৈয়দ ফখর উদ্দিন এই বংশপরম্পরার আধ্যাত্মিক ধারা অব্যাহত রেখেছেন।
হযরত সৈয়দ আবুল ওলা (রহ) ২২শে শাবান ১৪২০ হিজরি সনে ইন্তেকাল করেন। তার মাজার চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাস্থ ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামস্থ সৈয়দ সাহেবের বাড়িতে অবস্থিত। ওফাতের পরেও সৈয়দ আবুল ওলা (রহ) এর জীবন, শিক্ষা ও আধ্যাত্মিক দর্শন মানুষের অন্তরকে আলোয় উদ্ভাসিত করছে।














