আত্মহত্যার প্রবণতা রোধে/ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুইজন কাউন্সিলিং শিক্ষক
- আপডেট সময় : ০৯:৫২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ৯৬৭৪ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন,শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা রোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুইজন কাউন্সিলিং এর শিক্ষক রাখা হবে। সেজন্য সারাদেশে দুই লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, হেল্প লাইনের পাশাপাশি শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুইজন কাউন্সিলিং এর শিক্ষক রাখা হবে। এ জন্য সারাদেশে দুই লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।আমরা আশাকরি কাউন্সিলিং এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো দূর করতে পারবো। অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাবা-মায়েদেরকে বলবো, এই বয়সী ছেলে-মেয়েরা অনেক সংবেদনশীল। তাই সংবেদনশীল মন নিয়েই তাদের সমস্যাগুলো দেখতে হবে। তাছাড়া মেয়েরা অনেক সময় ইভটিজিংয়ের শিকার হয়। সেই সমস্যার কথা যদি পরিবারের কাছে বলতে না পারে, তার শিক্ষকদের কাছে বলতে না পারে। তখনই কিন্তু তার যে চাপা আবেগ থাকে তার বহিঃপ্রকাশ ঘটে আত্মহননের মধ্য দিয়ে।
















