দাঁড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট জব্দ
- আপডেট সময় : ০৮:৪৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯৭২৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) একটি ভোটকেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫ নং কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা ও সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে একটি প্রতীকের একজন পোলিং এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফলাফল শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট সরবরাহ করা হয়েছে এবং প্রিজাইডিং অফিসারকে সতর্ক করা হয়েছে।
তিনি আরো জানান, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট ২৩টি ফলাফল শিটে স্বাক্ষর করেছেন।
কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার জেসমিন বলেন, জিল্লুর রহমান নামের এক পোলিং এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়েছে। এ সময় তিনি এর চেয়ে বেশি কিছু বলতে চাননি।















