রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের মেধাতালিকা প্রকাশ
- আপডেট সময় : ০৩:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ৯৭১১ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি॥
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে আগামী ২৪ আগস্ট (বুধবার) থেকে ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার শুরু হবে। যা ২৮ আগস্ট পর্যন্ত চলবে।
সোমবার (২২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চীফ কো-অর্ডিনেটর এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে এক বিজ্ঞপ্তিতে রাবির ‘বি’ ইউনিটের ভর্তির নির্দেশনা দিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ২৪, ২৫ ও ২৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্র/ছাত্রীদের উক্ত তারিখে সকাল ৯টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে (২০৮ নং কক্ষ) উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে। এদিকে ভর্তি কার্যক্রম আগামী ১ সেপ্টেম্বর শুরু হবে।’
এতে আরও বলা হয়েছে, ‘নির্বাচিত ছাত্র/ছাত্রীদের ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি ফরম পূরণ করার পর দুই কপি প্রিন্ট করে অফিস চলাকালীন সময়ে বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডীনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১৮) এসে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর কোন সুযোগ থাকবে না। আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোন ভর্তিচ্ছু যদি ভর্তিকৃত বিভাগেই থাকতে চান তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে অটো-মাইগ্রেশন বন্ধ-এর অপশন বেছে নিতে হবে।’
এছাড়াও প্রথমবর্ষের ক্লাস আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এইচ/কে
















