কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী শামীম গ্রেফতার
- আপডেট সময় : ০৫:০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ৯৭৮৫ বার পড়া হয়েছে
কুমিল্লায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জামসহ মো. নজমুল ইসলাম শামীম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ভোরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় তার নিজ বাসভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শামীমের বাসা থেকে ৩টি পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগানের গুলি, একটি পিস্তল ও একটি রিভলভারের গুলি উদ্ধার করা হয়।
এছাড়াও জব্দ করা হয়েছে ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মানিব্যাগসহ এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। গ্রেফতারকৃত শামীম জাঙ্গালিয়া গ্রামের মরহুম আব্দুল হালিমের ছেলে। তিনি জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি হিসেবে পরিচিত ছিলেন এবং অতীতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে জানায় র্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্যমতে, শামীম কুমিল্লা শহরের একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ।
র্যাব জানায়, শামীমের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি ও সদর দক্ষিণ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতনসহ মোট সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে।















